ভার্চুয়াল জগতে ঠেলে দিলো কোভিড-১৯

৬ এপ্রিল, ২০২০ ১৬:৪৭  
করোনা-উত্তর বিশ্বপরিস্থিতি নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন 'ফরেন পলিসি'।  চলতি সংখ্যায় প্রকাশিত এই মন্তব্য প্রতিবেদনে তারা বলেছেন, অচিরেই সামাজিক জীবনযাপনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত হতে যাচ্ছে 'সামাজিক দূরত্ব' এবং 'বিচ্ছিন্নতা' শব্দ দুটি। এর ফলে আগামীতে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমকে সামাজিকীকরণে থিতু হবেন আজকের প্রজন্ম। মনের ভেতরের ভয় থেকে আগামীতে দীর্ঘ সময় সামাজিক অনুষ্ঠান, বন্ধুদের সঙ্গে আড্ডা, ভিড়-সমাবেশ, শপিংমল কিংবা সিনেমাহলে যাওয়া এমনকি গণপরিবহনে চড়াও কমিয়ে দেবেন তারা। তবে দলবেঁধে গল্পগুজব, মুভি দেখা বা ভ্রমণ থেমে থাকবে না। অনলাইনেই এসব চলবে। আগামী দিনে সাধারণ জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে একেকটি ভার্চুয়াল প্লাটফর্ম। বিশ্লেষকদের ভাষায়, বিশেষত, চতুর্থ শিল্পবিপ্লবের পথে যে ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস প্রযুক্তি- সেগুলো তো মানুষকে বাস্তব জীবন থেকে ভার্চুয়াল জগতে আরও বেশি করে ঠেলে দেওয়ারই উপযোগী। কভিড-১৯ সে ব্যবস্থাটাকেই মানুষের মনের ভেতর পাকাপাকিভাবে ঢুকিয়ে দিল এক ধাক্কায়।